হ-বাংলা নিউজ: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
তার ভগ্নিপতি আশফাক কাদেরী গণমাধ্যমকে জানান, অসুস্থ অবস্থায় তাকে গুলশানের বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন এ টি এম শামসুল হুদা, যিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।
চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার একজন অভিজ্ঞ ও নিরপেক্ষ কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘ কর্মজীবনে সুনাম অর্জন করেন।
