খায়রুজ্জামান মামুনঃ জনসেবামুলক কার্যক্রমের মাধ্যমে একের পর এক অনন্য নজির স্থাপন করে চলেছে আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “সোনার বাংলা ফাউন্ডেশন”। এই সংগঠনটি মুলত বাংলাদেশের বিভিন্ন স্থানে কিডনি রোগে আক্রান্ত মানুষের ডায়ালাইসিস সেবা প্রদান করে থাকে।

বর্তমানে বাংলাদেশে তাদের ২৬টি ক্লিনিকের মাধ্যমে প্রায় ১লক্ষ ২৭ হাজার রোগীকে বিনামূল্যে/স্বল্পমুল্যে এই পরিসেবা দিয়ে যাচ্ছে। সুবিশাল এই কর্মযজ্ঞের জন্য সোনার বাংলা ফাউন্ডেশনের প্রবাসী বাংলাদেশী একদল চিকিৎসক নিরলস কাজ করে যাচ্ছেন প্রতি নিয়ত।

যার সাথে পরোক্ষভাবে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির আরো অনেক শ্রেনী পেশার মানুষ, সেচ্ছাসেবক যুক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। আর এই মহতি কাজটি বাস্তবায়নের জন্য দরকার পড়ছে বিশাল অংকের অর্থ। যা বাস্তবতার নিরিখে একটি বিরাট চ্যালেঞ্জ।

তবে চ্যালেঞ্জ যতই কঠিন হোক না কেন, সোনার বাংলা ফাউন্ডেশনের মেধাবী ও পরিশ্রমী নেতৃত্ব প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অসহায় ও অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এটি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। অর্থ সরবরাহ নিশ্চিত করতে সোনার বাংলা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের সহায়তা নিতে তাদের বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করেছেন।

তারই অংশ হিসেবে গত ২২শে আগস্ট রোজ শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব বুয়েনাপার্কের লাক্সর ব্যাংকুয়েট হলে তারা আয়োজন করে ছিল এক ফান্ডরেইজিং অনুষ্ঠান। সন্ধ্যায় শুরু হওয়া এই অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজকরা যারপরনাই অবিভুত হন।
সোনার বাংলা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ রুমি সোলাইমান তার প্রতিক্রিয়ায় বলেন, লস এঞ্জেলসের এবারের ফান্ডরেইজিং ছিল আশাতীত এবং অভূতপূর্ব। ৬লক্ষ ২০ হাজার ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি/কিছু তাৎক্ষণিক সংগ্রহ মিলেছে যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের দেশের জন্য, দেশের মানুষের জন্য হৃদয়ের এই টান দেখে আবেগ আপ্লুত ডাঃ রুমি সোলাইমান আরো বলেন, তাদের এই সদিচ্ছা এবং সহযোগিতার মনোভাব অব্যাহত থাকলে সোনার বাংলা ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতে আরও অনেকদুর এগিয়ে যাবে যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বিশেষ করে জায়ালাইসিস রোগিদের একটি যুগান্তকারী সুযোগ সৃষ্টি হবে। ফান্ডরেইজিং অনুষ্ঠানে আগত অতিথিদের গান পরিবেশন করে বিনোদন যোগান স্থানীয় ও বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পীবৃন্দ।

তাদের সম্মানে রাতের খাবারও পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সোনার বাংলা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এবং কমিউনিটির বিশিষ্টজনরা।

সমাপনী বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ রুমি সোলাইমান। সমাপনী বক্তব্যে তিনি ফান্ডরেইজিং অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করেন।
