নিউজ ডেস্কঃ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম জনপ্রিয় জনসেবামূলক সংগঠন ইউ এস বাংলা এসোসিয়েশন ২০২৭/২৮ সালের জন্য তাদের নতুন নির্বাচিত কমিটি ঘোষণা করেছে। মোঃ নিজাম ইসলাম সভাপতি ও খায়রুজ্জামান মামুন কে সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্যে নির্বাচিত করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন জনাব ইফতেখার মাহমুদ (বোর্ড অব ডিরেক্টর), উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ হলেন জনাব কায়সার আহমেদ, জনাব ইসমাইল হোসেন, জনাব আহসান হক দিপু, জনাব আল মাসুক, জনাব সজীব ইফতি।

উল্লেখ্য, ইউ এস বাংলা এসোসিয়েশন ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশী দ্বারা গঠিত একটি সেবামূলক সামাজিক সংগঠন। আমেরিকা ও বাংলাদেশে বিভিন্ন ধরনের আত্মসামজিক কার্যক্রম পরিচালনার মোধ্য দিয়ে সংগঠনটি ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে।

দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সংকটময় মুহূর্তে ইউ এস বাংলা এসোসিয়েশন সবসময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করে আসছে। গত ৭ই আগস্ট সিটি অব আর্টেশিয়ার লিটল ঢাকা রেস্টুরেন্টে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির নেতৃবৃন্দ তাঁদের শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন অব নর্থ আমেরিকা(ফোবানা) এর সাবেক চেয়ারম্যান জনাব মাসুদ রব চৌধুরী। এ সময় লস এঞ্জেলসের প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বক্তৃতা প্রদানকালে নতুন নির্বাচিত নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী দিনে ইউ এস বাংলা এসোসিয়েশনের কার্যক্রম কে তাদের সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
