হ-বাংলা নিউজ: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মুসলিম দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বেকারত্ব কমানো, দারিদ্র দূরীকরণ এবং কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে।
শনিবার (৫ জুলাই) ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, “থ্রি-জিরো তত্ত্ব (শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নিঃসরণ) অনুসরণ করলে মুসলিম বিশ্বে উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী বিপদে থাকা মুসলিম জনগোষ্ঠী যথেষ্ট সহায়তা পাচ্ছে না। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
ঢাকায় অনুষ্ঠিত এই সামিটে মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে ৫০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারী উদ্যোক্তারা বলেন, এটি শুধু একটি সম্মেলন নয়—এটি সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই ও ন্যায্য ভবিষ্যতের জন্য একটি পরিবর্তনের আন্দোলন।
সামিটে অংশ নেওয়া মুসলিম দেশের প্রতিনিধিরা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, সংকটে থাকা দেশগুলোকে সহায়তা করতে মুসলিম দেশগুলোর একতা এখন সময়ের দাবি। একই সঙ্গে তাঁরা বলেন, সামাজিক ব্যবসা মুসলিম বিশ্বের জন্য একটি শক্তিশালী সমাধান হতে পারে।
