সাবেক স্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ডা. সালেহ উদ্দিন সাঈদের

হ-বাংলা নিউজ: ডা. সালেহ উদ্দিন সাঈদ তার সাবেক স্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, নির্যাতন এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ প্রকাশ করেন। ডা. সালেহ উদ্দিন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এদিন সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য এবং জালিয়াতির প্রমাণাদি স্লাইড প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। তার অভিযোগের পক্ষে সুপ্রিমকোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, অধ্যাপক আনোয়ার হোসেন এবং একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন যারা ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন।

লিখিত বক্তব্যে ডা. সালেহ উদ্দিন বলেন, ১৯৮৮ সালের ৩ জুন হাসিনা মমতাজের সঙ্গে তার বিয়ে হয়। ২০০৩ সালে তিনি ঢাকায় তার ফ্ল্যাট (ফ্ল্যাট ২বি, হাউজ নং ২৮, রোড নং ১৫, ধানমন্ডি আ/এ, ঢাকা ১২০৯) বন্ধক রেখে ব্যাংক লোন নেন। এরপর ধার-দেনা করে চট্টগ্রামের ১৬ আগ্রাবাদে ‘দাল্লা মেডিকেল সেন্টার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান, খাদ্যমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থেকে ওই মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন। যদিও তিনি একা ঋণ ও ধার-দেনা করে প্রতিষ্ঠানটি গড়েছিলেন, তবে পরবর্তীতে তার সাবেক স্ত্রী এবং তার ভাইকে অংশীদারত্ব দান করেন। কিন্তু কিছুদিন পরেই তারা ভাই-বোন একত্রে তার সঙ্গে প্রতারণা করে এবং তার প্রতিষ্ঠানটি অন্যায়ভাবে দখল করে নেয়।

এ বিষয়ে তিনি দ্রুত বিচার ও প্রতিকার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *