হ-বাংলা নিউজ: বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা এখন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ইংরেজি ভাষায় সেবা নিতে পারবেন। মোবাইল বা ল্যান্ডফোন ব্যবহার করে তারা জরুরি সেবা পাবেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কর্মরত কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন, উন্নয়ন সহযোগী সংস্থার দেশি বা বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা এখন বাংলাদেশের মোবাইল অপারেটরদের ‘সিম’ বা ল্যান্ডফোন থেকে ইংরেজি ভাষায় ৯৯৯ নম্বরে কল করে পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নির্দেশনায় বিদেশি নাগরিকদের জন্য জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এই সেবা ১২ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। ইংরেজি ভাষাভাষী জরুরি সেবা প্রার্থীদের সহায়তার জন্য তিনটি ডিউটি শিফটে নির্দিষ্ট সংখ্যক ডেডিকেটেড ডেস্ক বরাদ্দ করা হয়েছে। ৯৯৯ নম্বরে কল করার পর ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে।
৯৯৯ হলো বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর। ২০১৭ সালের ১২ ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং এটি টোল ফ্রি। কলারকে একজন অপারেটরের সঙ্গে সংযুক্ত করা হয়, যিনি পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের সঙ্গে তাকে যুক্ত করেন। বাংলাদেশ পুলিশ পরিচালিত এই সেবা দেশের সকল নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ একটি জরুরি হেল্প ডেস্ক হিসেবে কাজ করছে।
