শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড এলার্টের আবেদন করা হয়েছে: ড. আসিফ নজরুল

হ-বাংলা নিউজ:  আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড এলার্টের আবেদন করা হয়েছে। তিনি জানান, ইন্টারপোল তাদের অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তবে ভারতের মনোভাব এ বিষয়ে ইতিবাচক নয়। ভারতের উদ্দেশ্য শেখ হাসিনাকে ফেরানো নয়, বরং তারা এই ইস্যুতে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, জুলাই-আগস্টের গণহত্যার মামলায় প্রসিকিউশন ইতিমধ্যেই ৩০০টি অভিযোগ এবং ১৬টি মামলা দায়ের করেছে। এর মধ্যে চারটি মামলার তদন্ত ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এবং পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হবে। ঈদের পর, এপ্রিল মাসে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। তিনি আরও আশা প্রকাশ করেন, অক্টোবরের মধ্যে ৩-৪টি মামলার রায়ও আসবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও শীর্ষ আওয়ামী লীগ নেতারা এই মামলার আসামি।

আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে ট্রাইব্যুনালের একেকটি মামলার বিচারে আড়াই বছর সময় লেগেছিল, তবে তাদের (বর্তমান সরকারের) বিচার প্রক্রিয়া দ্রুত চলছে এবং প্রসিকিউশন টিম দিন-রাত কাজ করছে। তিনি আশা করেন, আগামী অক্টোবরের মধ্যে ৩-৪টি মামলার রায় ঘোষিত হবে।

সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহার সংক্রান্ত মন্তব্যে তিনি জানান, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল, এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি ৬১টি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হয়ে যাবে। তিনটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় সেগুলো প্রত্যাহার করা হয়নি।

অধিকার ভঙ্গের ঘটনায়, আওয়ামী লীগের আমলে করা ১৬ হাজার ৪২৯টি গায়েবি মামলার মধ্যে ১ হাজার ২১৪টি মামলার প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, এর মধ্যে ৫৩টি মামলা আজকালের মধ্যে প্রত্যাহার হবে।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বিভিন্ন ইস্যুতে অপপ্রচার চালানোর বিষয়ে তিনি বলেন, গৃহযুদ্ধের কথা বলে অপপ্রচার এবং কুৎসা করা হচ্ছে। আওয়ামী লীগ যা ইচ্ছা তা বলছে, এসবকে পাত্তা দেওয়া যাবে না। তার মতে, আওয়ামী লীগের প্রধান অস্ত্র হচ্ছে মিথ্যাচার ও অপপ্রচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *