হ-বাংলা নিউজ:দুর্নীতি মামলায় কারাগারে থাকা আলোচিত ছাগলকাণ্ডের রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি এবং সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক উপসহকারী প্রকৌশলী এমদাদুল হক চৌধুরী ও তার স্ত্রী ইশরাত জাহান চৌধুরীর আয়কর নথি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, লায়লা কানিজের আয়কর নথি জব্দের আবেদনটি করেন দুদকের উপ-পরিচালক মো. ইসমাইল। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এমদাদুল হক এবং তার স্ত্রী ইশরাত জাহানের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে।
একই আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. মতিউর রহমানকে দুর্নীতি দমন কমিশনের আরেকটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে আদালতে উপস্থিত করে শুনানির জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। এ বিষয়ে আগামী ২৭ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের পর তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার আয়কর নথি জব্দের আদেশ দেন এবং তাকে গ্রেফতার দেখানোর জন্য ২৯ জানুয়ারি শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সময় তাকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। দুদকের পক্ষ থেকে কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া পৃথক দুটি আবেদন করেন।
