হ-বাংলা নিউজ:
বর্তমান সরকারের অধীনে যদি ভালো নির্বাচন না হয়, তবে ভবিষ্যতে আর কখনো হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ।
তিনি বলেন, “যদি ভোট কেনাবেচা হয়, তাহলে গণতন্ত্রের কী দরকার? টাকা নিয়ে যদি ভোট দিয়ে দিই, তাহলে গণতন্ত্রের প্রয়োজন কী, কেন ভোট চাই?” তিনি আরও বলেন, “ভোট বেচাকেনা বন্ধ না করতে পারলে গণতন্ত্র সফল হবে না। যদি এই কেনাবেচার শঙ্কা থাকে, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ছাত্রদের আন্দোলনের কারণে এত প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এটা সম্ভব হয়েছে এই দেশে। তাই আমাদের আশাবাদী হতে হবে এবং সংস্কারও করতে হবে। আমাদের সবাইকে মিলে ভোট ও গণতন্ত্রকে পাহারা দিতে হবে।”
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিশনের মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, কমিশনের সদস্য, বিভিন্ন জিও-এনজিও, পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
ড. তোফায়েল আরও বলেন, “এই জাতির আর কী ক্ষতি বাকি আছে? বিচারালয় থেকে শুরু করে ইউপি মেম্বার পর্যন্ত সবখানে ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ আমাদের জাতি হিসেবে অনেক ক্ষতি করেছে, তবে আমাদের এখন ফিরতে হবে। সেজন্য আমাদের আশাবাদী হতে হবে এবং সচেতন থাকতে হবে। আমাদের গণতন্ত্রের পাহারা দিতে হবে, সেটা শুধু ছাত্রদের দায়িত্ব নয়, তাদের মা-বাবাদেরও দায়িত্ব। ছাত্রদের আন্দোলনে তাদের বাবা-মায়েরা অংশগ্রহণ করেছিলেন। যদি গণতন্ত্রের পাহারা না দেওয়া হয়, তবে গণতন্ত্র থাকবে না।”
তিনি বলেন, “স্থানীয় সরকারের সংস্কারের বিষয়ে দুটি মতামত রয়েছে। এক ধরনের মত হচ্ছে, যা আছে তাই থাকবে এবং ডাইরেক্ট নির্বাচন হবে। আরেকটি মত হলো, পার্লামেন্ট সিস্টেমে যাবো কিনা। আমরা সব কিছু বিবেচনা করে প্রতিবেদন প্রস্তুত করব।”
