ভারতের সঙ্গে গোপন চুক্তি সম্পর্কে বাংলাদেশ সরকারের অজানা: পররাষ্ট্র মন্ত্রণালয়

হ-বাংলা নিউজ:

ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, তা বাংলাদেশ সরকারের জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, জানতে চাওয়া হলে রফিকুল আলম বলেন, “সেটা আমার জানা নেই।”

ব্রিফিংয়ে ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবির বিষয়ে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, “ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনো মন্ত্রণালয় বা সংস্থা পর্যালোচনা করতে চাইলে, তারা তা করতে পারে। ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো সবই প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এগুলো পাবলিক ডোমেন হিসেবে রয়েছে।”

সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যে, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকেও তলব করে ভারত সরকার।

বাংলাদেশ দূতকে ডাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “দু-পক্ষকে ডাকা হয়েছে। এটি একটি বিস্তারিত বিষয়। এর বিস্তারিত প্রতিবেদন আমার কাছে নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *