পাঁচ দিন পর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের একটি হাসপাতালে ভর্তি থাকা একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর আগে ৬ জানুয়ারি দুই জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে নতুন বছরে হাসপাতালে ভর্তির মোট সংখ্যা দাঁড়াল ৫৭৩ জন।
ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ২৬ জন, ঢাকা বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে একজন, রাজশাহী বিভাগে পাঁচজন এবং বরিশাল বিভাগের একটি হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৪৮ জন চিকিৎসাধীন আছেন।
