হ-বাংলা নিউজ: একটি মানহানির মামলায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তি করতে রাজি হয়েছে এবিসি নিউজ।
এবিসি নিউজের তারকা সঞ্চালক জর্জ স্টেফানোপোলোস একটি অনুষ্ঠানে ট্রাম্পকে নিয়ে মিথ্যাচার করেছিলেন। অনুষ্ঠানে তিনি বারবার ট্রাম্পকে ‘ধর্ষণের দায়ে দোষী’ বলে উল্লেখ করেন।
চলতি বছর ১০ মার্চ, জর্জ স্টেফানোপোলোস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক নারী সদস্যের সাক্ষাৎকার নেন, যেখানে ওই নারী ট্রাম্পকে সমর্থন জানানোর কারণ ব্যাখ্যা করেন। সেই সময় স্টেফানোপোলোস বারবার দাবি করেন যে, বিচারক ও দুই জুরিবোর্ড ট্রাম্পকে ‘ধর্ষণের অভিযোগে দোষী’ বলে আখ্যা দিয়েছেন।
গত বছর, একটি দেওয়ানি মামলায় জুরি ট্রাম্পকে ‘যৌন নিপীড়ক’ বলে আখ্যা দিয়েছিল। নিউইয়র্কের আইন অনুযায়ী এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে।
ট্রাম্প এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং শনিবার উভয়পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে বলে প্রথম খবর প্রকাশ করে ফক্স নিউজ ডিজিটাল।
এবিসি নিউজ শুধু আর্থিক ক্ষতিপূরণই দেবে না; তারা একটি বিবৃতি দিয়ে স্টেফানোপোলোসের বক্তব্যের জন্য ‘দুঃখ প্রকাশ’ করবে। এছাড়া ট্রাম্পের আইনি খরচ হিসেবে এবিসি নিউজ আরও ১০ লাখ ডলার দেবে।
এবিসি নিউজের ১০ মার্চ ২০২৪ সালের অনলাইনে প্রকাশিত ট্রাম্পের বিষয়ে যে খবর রয়েছে, সেটির নিচেও সংশোধনী দিতে হবে।
ট্রাম্পের প্রথম মেয়াদের সময় যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও কলাম লেখক ই জা ক্যারল তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯৬ সালে একটি দোকানে পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তার সঙ্গে জোরজবরদস্তি করেছিলেন এবং তাকে যৌন নিপীড়ন করেছিলেন।
২০২৩ সালে নিউইয়র্কের একটি ফৌজদারি আদালত ক্যারলের অভিযোগের সত্যতা খুঁজে পায় এবং ট্রাম্পকে ক্যারলের সম্মানহানি করার অভিযোগে দোষী সাব্যস্ত করে।
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
সূত্র: বিবিসি
