৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শুরু হবে ২২ ডিসেম্বর

হ-বাংলা নিউজ: নতুন করে ফল প্রকাশের পর ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একাংশের ভাইভা (মৌখিক পরীক্ষা) শুরু হবে আগামী ২২ ডিসেম্বর।

এবারের মৌখিক পরীক্ষা শুরু হবে কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর প্রার্থীদের দিয়ে। ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৫৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান, প্রথমে কারিগরি ও পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো যুক্তিসংগত কারণে সময়সূচিতে পরিবর্তন প্রয়োজন হয়, তবে কমিশন তা পরবর্তীতে জানিয়ে দেবে।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশের পর শুরু হয়েছিল। বেশ কিছু পরীক্ষার পর ১৮ নভেম্বর তা বাতিল করা হয়। এরপর ২০২৪ সালের ৮ মে থেকে নতুন করে মৌখিক পরীক্ষা শুরু হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতনের পর ২৫ আগস্ট দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

আগে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে মোট ১১ হাজার ৭৩২ জনের অংশগ্রহণের কথা ছিল। পরে ‘ন্যায্যতা বজায় রাখতে প্রার্থীদের করা আবেদন’ এর পরিপ্রেক্ষিতে নবগঠিত পিএসসি এই পরীক্ষাটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *