হ-বাংলা নিউজ: ২০১৮ সালের জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় ১৪ জনের হাজির হওয়ার কথা থাকলেও, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়।
একটি অন্য মামলায় রিমান্ডে থাকার কারণে আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এছাড়া, সাবেক মন্ত্রী শাহজাহান খান অসুস্থ থাকলেও, প্রথমে তাকে ট্রাইব্যুনালে আনা হয়নি। পরে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে সবার সঙ্গে হাজির করা হয়।
আজ (১৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একই দিনে, গণহত্যার মামলার তদন্তের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানানো হবে বলে জানা গেছে।
আজ যাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন: সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
গত ২৭ অক্টোবর, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে হাজির করার আদেশ দেন।
