যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একদিন বাকি, প্রচারণায় উত্তেজনা

হ-বাংলা নিউজ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একদিন বাকি থাকায় দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর ক্যারোলিনায় শনিবার সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

দুই প্রার্থীই একইদিনে চতুর্থবারের মতো এই রাজ্যে প্রচারে অংশ নিয়েছেন, যা দোদুল্যমান এই রাজ্যের গুরুত্বকে তুলে ধরে। কমলা তরুণ ভোটারদের জন্য আবেগময় আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ভোট দেয়। অন্যদিকে, ট্রাম্প ‘আমেরিকান ড্রিম’ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

৫ নভেম্বর নির্বাচনের দিন অধিকাংশ রাজ্যে ভোটকেন্দ্র খুলবে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৮টার মধ্যে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ‘টাইম জোন’ থাকার কারণে ভোটকেন্দ্র খোলার সময় ভিন্ন হবে। অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত ৯টার মধ্যে। ভোটকেন্দ্র বন্ধ হলেই গণনা শুরু হবে এবং কিছু ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা শুরু হবে।

যদি কোনো প্রার্থী স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পান, অর্থাৎ দুই প্রার্থী ২৬৯-২৬৯ ইলেক্টোরাল কলেজ ভোট পেলে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি পরিষদ’ ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবে। এই পদ্ধতিকে বলা হয় ‘কন্টিনজেন্ট ইলেকশন’।

এবারের নির্বাচনে ৭টি সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে, যেমন পেনসিলভানিয়া (১৯ ভোট), নর্থ ক্যারোলিনা (১৬), জর্জিয়া (১৬), মিশিগান (১৫), অ্যারিজোনা (১১), উইসকনসিন (১০) ও নেভাদা (৬)। দোদুল্যমান রাজ্যগুলোতে মোট ৯৩টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। নির্বাচনে জিততে একজন প্রার্থীর ৫৩৮টি ভোটের মধ্যে অন্তত ২৭০টি পেতে হবে।

শনিবার কমলা হ্যারিসের চার্লট শহরের সমাবেশে তরুণ ভোটারদের প্রতি আবেগঘন আহ্বান জানান। তিনি বলেন, “তোমরা নতুন পৃথিবী গড়তে চাও, যেখানে অস্ত্র ও সহিংসতা নেই।” ট্রাম্পকে আক্রমণ করে বলেন, “তিনি শুধু নিজের স্বার্থের জন্য কাজ করছেন।”

কমলার মিশিগানের ডেট্রয়েটে জনসভা করার কথা থাকলেও তিনি নিউইয়র্কে গিয়ে এনবিসির ‘সাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি নির্বাচনের আগে দেশের শান্তি বজায় রাখার আহ্বান জানান।

এদিকে, ট্রাম্পও শনিবার উত্তর ক্যারোলিনায় সমাবেশ করেন। তিনি কমলাকে মিথ্যাবাদী ও ভুয়া খবর প্রচারক হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের ‘আমেরিকান ড্রিম’ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “মঙ্গলবারের নির্বাচন হবে আমেরিকায় মুক্তি দিবস।”

শেষ পর্যায়ের প্রচারণার অংশ হিসেবে, ট্রাম্প রোববার পেনসিলভানিয়া, জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনায় সমাবেশ করবেন, এবং সোমবার নর্থ ক্যারোলিনার রাজধানী রালেইতে একটি সমাবেশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *