হ-বাংলা নিউজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য রিভিউ দায়ের করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় তিনি আপিল বিভাগে এই রিভিউ আবেদন করেন।
একইসঙ্গে, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। আপিল বিভাগে এই মামলায় প্রতিনিধিত্ব করবেন বিএনপির মহাসচিব।
এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নাল আবেদীন এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করবেন। এর আগে, গত ২৫ আগস্ট পাঁচজন বিশিষ্ট নাগরিকও রিভিউ আবেদন করেছিলেন।
জানা গেছে, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই রায় দেয়।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন সরকার গঠিত হতো।
২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজন আইনজীবী রিট আবেদন করেন। সে সময়ে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় প্রদান করেছিল।
