হ-বাংলা নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। যারা শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীরা এবারে তাদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন। নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রয়োজনীয় সহযোগিতা তাদের দেওয়া হবে। বুধবার সচিবালয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পাহাড়ে নিরাপত্তা ভঙ্গের চেষ্টা কারা করছে, সেটা মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। কিছু সংখ্যক দুষ্কৃতকারী সবসময় পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে, কিন্তু অন্তর্বর্তী সরকার তা হতে দেবে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি জানান, পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি গতকাল গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সেখানের পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন।
পার্বত্য অঞ্চলে বুদ্ধিস্টদের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, পার্বত্য জেলার বিষয়টি এখনও আলোচনা হয়নি। তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা নেই।
সাক্ষাৎকারী প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া।
