হ-বাংলা নিউজ: গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই সাক্ষাৎকালে, ডাচ রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর দেশের পূর্ণ সমর্থন প্রকাশ করে বলেন, নেদারল্যান্ডস কৃষি, সামুদ্রিক সম্পদ, শিল্প, যুব, জ্ঞানভিত্তিক অর্থনীতি, শ্রম, পরিবেশ ও বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
ড. ইউনূস রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব, ব্যবসায়ী সম্প্রদায় ও দেশটির সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তিনি নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচির বাস্তবায়নে। ড. ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের কারণে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস বলেন, বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন ও ব্যবসায় পরিবেশ—প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়াও, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন, যেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়।
ইর্মা ভ্যান ডুরেন বলেন, কৃষি, পানি, নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় খাতে আরও বেশি ডাচ বিনিয়োগের জন্য তিনি তার দেশের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করবেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ, এবং ডাচ উপরাষ্ট্রদূত থিজ ওয়ুডস্ট্রা উপস্থিত ছিলেন।
