চ্যানেল২৪-এর নামে ভুয়া ফটোকার্ড: তাপসী ঊর্মিকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচার

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট করার কারণে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি চাকরি থেকে বরখাস্ত হন।

সম্প্রতি, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে সাহসী ও ত্যাগী নতুন প্রজন্ম চাই’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪-এর ডিজাইন ব্যবহার করে দুটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।

ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার-এর অনুসন্ধানে জানা গেছে, চ্যানেল২৪ এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং ডিজিটাল সম্পাদনার মাধ্যমে চ্যানেল২৪-এর আদলে এসব ফটোকার্ড তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে চ্যানেল২৪-এর লোগো থাকলেও তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে এমন কোনো শিরোনামের ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডের ফন্ট ও ডিজাইনে চ্যানেল২৪-এর প্রচলিত স্টাইলের সঙ্গে অসামঞ্জস্যও লক্ষ্য করা গেছে।

একই দাবির পক্ষে অন্য কোনো গণমাধ্যমেও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ফলে নিশ্চিত হওয়া যায়, চ্যানেল২৪-এর নামে প্রচারিত ওই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *