হামসহ শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যবহৃত টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ আবেদন করা হয়েছে
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, দেশে সম্প্রতি হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা একজন সচেতন নাগরিক ও আইনজীবী হিসেবে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শিশুদের জন্য প্রয়োজনীয় টিকার সংকট এবং এর ফলে হামের সংক্রমণ বৃদ্ধি ও শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
আবেদনে আরও উল্লেখ করা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমে মতামত প্রকাশ করেছেন।
এছাড়া, বর্তমান সরকারও স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকা ও সিরিঞ্জের ঘাটতিকে পূর্ববর্তী সরকারের সৃষ্টি সমস্যা হিসেবে উল্লেখ করেছে।
