হলিউড বাংলা নিউজঃ কয়েক বছর বিরতির পর এবার নতুন উদ্যমে বড় পরিসরে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ মেলা”। তারই প্রেক্ষাপটে গত রবিবার আর্টেশিয়ার লিটল ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল কিক অফ মিটিং। কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে একত্র করে বাংলাদেশ মেলার কর্তাবৃন্দ তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং এব্যাপারে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দ মেলাকে কিভাবে আকর্ষনীয় ও সফল করা যায় তা নিয়ে তাদের পরামর্শ প্রদান করেন।
এসময় বাংলাদেশ মেলার আয়োজকরা তা মনযোগ দিয়ে শুনেন এবং তা নোট আকারে লিপিবদ্ধ করেন। সবশেষে মেলার আয়োজকবৃন্দ সভায় উপস্থিত সবাইকে এই বলে আশ্বস্ত করেন যে এবারের বাংলাদেশ মেলা হবে সবার অংশগ্রহনে এবং এতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ব্যাপকভাবে তুলে ধরা হবে। তারা আরো জানান যে কমিউনিটির সকলকে মেলার কার্যক্রমে অন্তর্ভূক্ত করার লক্ষে পর্যায়ক্রমে লস এঞ্জেলেস ও এর আশেপাশের এলাকায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, এবারের মেলায় প্রধান আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল(জেমস)। কর্মকর্তাগন সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং আগত বাংলাদেশ মেলাকে সফল করার জন্য সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় বাংলাদেশ মেলার কর্মকর্তাদের মোধ্য উপস্থিত ছিলেন সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম বেলাল, তৌফিক সোলেমান তুহিন, আবুল হাসনাত রায়হান, সিদ্দিকুর রহমান সহ আরো অনেকেই। কমিউনিটি নেতৃবৃন্দের মোধ্য উপস্থিত ছিলেন জনাব রানা হাসান মাহমুদ,ইলিয়াস শিকদার, বীর মুক্তিযুদ্ধা আমান উল্লাহ আমান, বীর মুক্তিযুদ্ধা কাউসার আহমেদ, রেজা আহমেদ রফিকুল হক রাজু, লস্কর আল মামুন, খায়রুজ্জামান মামুন সহ আরো অনেকেই। রবিবারের উল্লেখিত সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব বীর মুক্তিযুদ্ধা জাহিদুল মাহমুদ জামি।
