হ-বাংলা নিউজ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস জামিননামা দাখিল করেছেন। অচিরেই তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি জামিননামা দাখিল করেন বলে নিশ্চিত করেন আদালতের জুডিশিয়াল পেশকার ওমর ফারুক চৌধুরী।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অপু বিশ্বাসসহ আরও ১৭ জন তারকা শিল্পীকে আসামি করা হয়, যাদের মধ্যে রয়েছেন আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খান প্রমুখ।
এছাড়া মামলায় অবৈধভাবে ক্ষমতা ব্যবহার ও সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, ওই ১৭ জন অভিনেতা-অভিনেত্রী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন।
এই মামলায় গত ২ জুন হাইকোর্ট অপু বিশ্বাসকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দেন এবং সেই সময়ের মধ্যে সিএমএম আদালতে জামিননামা দাখিলের নির্দেশ দেন। বৃহস্পতিবার হাইকোর্টের সেই নির্দেশনা অনুযায়ী অপু বিশ্বাস জামিননামা দাখিল করেন, যা গ্রহণ করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
এর আগে, একই মামলায় ১৮ মে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হলে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়। পরে ২০ মে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
