হ-বাংলা নিউজ: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় শুরু হয়েছে শোকাবহ তাজিয়া মিছিল। রোববার (৬ জুলাই) সকাল ১০টার পর ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
চার শতাব্দী প্রাচীন এই ইমামবাড়ায় ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মুসলমান জড়ো হতে থাকেন।
তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেন, যা শোকের প্রতীক হিসেবে ধরা হয়। অনেকের হাতে ছিল প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম—যেগুলো কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মারক হিসেবে ব্যবহৃত হয়।
মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মিছিলের অগ্রভাগ, মধ্যভাগ ও পেছনে নিরাপত্তা সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সোয়াট, ফায়ার সার্ভিস এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন। তাজিয়া মিছিলের যেসব সড়ক দিয়ে অগ্রসর হয়েছে, সেসব স্থানে সাধারণ পুলিশ ও ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে।
আশুরা ইসলামের ইতিহাসে এক শোকাবহ দিন। হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার ময়দানে নবী মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সেনাবাহিনীর হাতে শহীদ হন।
এই মর্মন্তুদ ঘটনার স্মরণে প্রতিবছরই আশুরার দিনে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন, যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি গভীর শোক প্রকাশ পায়।
