হ-বাংলা নিউজ: দীর্ঘ আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩১ মে) অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সাতটি বিভাগের ১৩৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর আগে ৩ মে এই পরীক্ষার নির্ধারিত দিন থাকলেও তা প্রথমে পিছিয়ে ২৪ মে এবং পরে আরও এক সপ্তাহ পেছিয়ে পুনরায় ৩১ মে নির্ধারণ করা হয়।
রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। তিনি বলেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পর ভর্তি পরীক্ষা বন্ধ করে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হতো। কিন্তু শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবার আবারও ভর্তি পরীক্ষায় ফিরে আসা হয়েছে।
উপাচার্য আরও জানান, এবারের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। একশ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান—প্রতিটি বিষয়ে থাকবে ২০ নম্বর করে এবং গ্রুপভিত্তিক বিষয়ে থাকবে ৪০ নম্বর। ঈদের পরপরই ফলাফল প্রকাশ করা হবে।
ভর্তির মেধাতালিকা তৈরির ক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ফল নির্ধারণ করা হবে।
উপকূলীয় অঞ্চলে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই ১৬ জেলার যেসব শিক্ষার্থী আজকের পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় আলাদা পরীক্ষার আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য।
পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।
