হ-বাংলা নিউজ:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত সহকারীদের (এপিএস-পিও) বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রোববার সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আখতার হোসেন।
সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যসহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সচিবালয়ে প্রবেশের কোনো বৈধ পাস না থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তা সংগ্রহ করে নিয়মিত সেখানে যেতেন এবং ‘তদবির বাণিজ্যে’ লিপ্ত ছিলেন।
এছাড়াও, এনসিটিবিতে বই ছাপানোর সময় কমিশন আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে গত ২১ এপ্রিল তানভীরকে সাময়িকভাবে বহিষ্কার করে এনসিপি এবং স্থায়ী বহিষ্কার সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সম্প্রতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদকের সামনে বিক্ষোভ করে। এরপর গোয়েন্দা অনুসন্ধান শেষে এবার প্রকাশ্য তদন্ত শুরু করেছে দুদক।
