হ-বাংলা নিউজ: সচিবালয়ে অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করা ফায়ারফাইটার সোয়ানুর জামান নয়ন (২৪)-এর পরিবারকে আরও ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নয়নের পিতামাতার হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল।
এর আগে, গত ৬ জানুয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম দফায় নয়নের বাবা-মায়ের হাতে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছিল। মোট মিলিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়নের পরিবারকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে গত বছরের ২৬ ডিসেম্বর নিহত নয়নের পরিবারকে নগদ এক লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ফায়ারফাইটার সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।
