হ-বাংলা নিউজ: রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, তবে গ্রেফতারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে শনিবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য দেবেন।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী এলাকার ডি ব্লকে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪২) কে গুলি করে তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করা হয়। ওই রাতে তিনি স্বর্ণের দোকান থেকে বাসায় ফিরছিলেন। এই সময় তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
আনোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন ছিল। পরে স্বর্ণ ব্যবসায়ী পুলিশকে জানান যে, তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
