আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলন: পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে সড়ক থেকে সরিয়ে দেয়

হ-বাংলা নিউজ:nচাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীদের সড়ক থেকে লাঠিপেটা করে উঠিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল ৩টার দিকে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কয়েকশ আউটসোর্সিং কর্মচারী চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। এতে পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাহ মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশেপাশের এলাকায় প্রচন্ড যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়ক থেকে সরতে অনুরোধ করলেও তারা এতে কর্ণপাত করেননি। একপর্যায়ে বিকাল সোয়া ৫টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দেয়। এ সময় পুলিশ ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে। পুলিশের লাঠিপেটায় কয়েকজন শ্রমিক আহত হয়ে সড়কে পড়ে থাকতে দেখা যায় এবং কিছু শ্রমিককে আটকও করা হয়।

তবে পুলিশ তাদের আটকের বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য দেয়নি।

কয়েকজন আউটসোর্সিং কর্মচারী যুগান্তরকে জানান, সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং ভিত্তিতে হাজার হাজার কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তারা বলেন, “এভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যবসা করছে, সরকার টাকা দিচ্ছে কিন্তু সুবিধা পাচ্ছে ঠিকাদাররা। এতে শ্রমিকদের ওপর নানা ধরনের নির্যাতন ও অত্যাচার চলছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে, আউটসোর্সিং প্রথা বন্ধ করে সরাসরি নিয়োগ দেওয়া হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *