অপারেশন ডেভিল হান্ট’-এ আরও ৪৬১ জন গ্রেফতার, মোট ৭,৩১০ জন আটক

হ-বাংলা নিউজ: যৌথবাহিনী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ২৪ ঘণ্টায় আরও ৪৬১ জন গ্রেফতার হয়েছেন। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া এই অভিযানে শুক্রবার বিকাল পর্যন্ত মোট ৭,৩১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার ছাড়াও গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১,১৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ এই অভিযানের মধ্যে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে— দুটি দেশি দোনলা বন্দুক, একটি দেশি শুটার গান, একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি এবং একটি ধারালো অস্ত্র।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাটি আওয়ামী লীগের লোকজনের দ্বারা চালানো হয়েছে।

এই ঘটনার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অন্তর্বর্তী সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে সেটি প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন, কিন্তু তখন তাদের ওপর হামলা করা হয়। এই ঘটনায় এক আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *