হ-বাংলা নিউজ: অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা, তাই দ্বিতীয়বার তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে কিছুটা স্বস্তিতেই ছিল আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে সুযোগ ছিল সমীকরণ মেলানোর, কিন্তু শেষ পর্যন্ত সেটি হতে দেয়নি ব্রাজিল। আর্জেন্টিনার শিরোপার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দলটি, ১-১ গোলে ম্যাচটি ড্র করে আর্জেন্টিনার স্বপ্নে ধাক্কা দিয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। এখন শিরোপার জন্য লড়তে হবে আরও একটি ম্যাচ, যেখানে দুদলেরই সুযোগ আছে।
পরবর্তী ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে, আর আর্জেন্টিনা মোকাবিলা করবে প্যারাগুয়ের। বর্তমানে ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রয়েছে আর্জেন্টিনা।
এদিন কারাকাসে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার নিয়ন্ত্রণ ছিল। আগের ম্যাচে ব্রাজিলকে ৬-০ গোলে হারানোর পর আলবিসেলেস্তেরা ফেভারিট ছিল। খেলায় তারা আক্রমণ, বলদখল এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল। পাশাপাশি ব্রাজিলের অগোছালো ফুটবলে আর্জেন্টিনার জন্য বাড়তি সুবিধা তৈরি হয়েছিল। প্রথমার্ধে ব্রাজিল একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। আর্জেন্টিনা তাদের সুযোগ কাজে লাগায়। প্রথমার্ধের শেষ দিকে একটি পেনাল্টি পেয়ে দলটি ১-০ গোলে এগিয়ে যায়।
ম্যাচের ৩৮ মিনিটে ব্রেনো বাইদন হুলিও সোলারকে বক্সের ভেতর ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে কোন ভুল করেননি আর্জেন্টিনার তরুণ ক্লদিও এচেভেরি। এই গোলে আর্জেন্টিনাকে ১-০ লিড এনে দেয়। ফলে ব্রাজিলকে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।
তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। পরিণত ফুটবল খেলে ব্রাজিল কিছু আক্রমণ প্রতিহত করার পর ৭৮ মিনিটে একটি দারুণ গোলে সমতা ফিরিয়ে আনে। ইগর সিরোতের সহায়তায় রায়ান দারুণ ফিনিশিংয়ের মাধ্যমে গোলটি করেন, এবং ব্রাজিলকে ম্যাচে ১-১ সমতায় নিয়ে আসেন। সেই গোলটাই শেষ পর্যন্ত আর্জেন্টিনার শিরোপা জয়ে বাধা হয়ে দাঁড়ায়।
