ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার কাজ চলছে, উত্তেজনা অব্যাহত

হ-বাংলা নিউজ:

বুধবার রাত থেকে শুরু হওয়া রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার কাজ এখনো চলমান রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সক্যাভেটরের সাহায্যে বাড়িটি ভাঙতে দেখা যায়। এর সামনের অংশ প্রায় সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা নিয়ে গতকাল সন্ধ্যা থেকে উত্তেজনা সৃষ্টি হয়। রাত আটটার দিকে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে সমবেত হয়। তারা প্রথমে বাড়ির ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পরে বাড়ির বিভিন্ন অংশে হামলা চালিয়ে ম্যুরাল ভেঙে দেয় এবং ভবনের দেওয়ালে লাল কালি দিয়ে ‘স্বৈরাচার সাবধান’ লেখা আঁকে।

ভোরে ফজরের নামাজের পরও জনতার সংখ্যা বাড়তে থাকে। সকালে ক্রেন ও এক্সক্যাভেটরের সাহায্যে ভবনের বিভিন্ন অংশ ভাঙা হয়। একই সময় শেখ হাসিনার আরেক বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়।

ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। রাত দেড়টার দিকে গণস্বাক্ষর সংগ্রহ করে হলের নতুন নামকরণ করা হয় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’।

শিক্ষার্থীরা জানান, যারা সহপাঠীদের ওপর হামলা চালিয়েছে, তাদের কোনো চিহ্ন ক্যাম্পাসে রাখা হবে না। পাশাপাশি বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়।

গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও, সেই অভ্যুত্থানের ছয় মাস পর শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিভিন্ন ছাত্র সংগঠন ও অনলাইন অ্যাকটিভিস্টরা ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি ঘোষণা করে।

সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ৩২ নম্বর বাড়ি ভাঙার ডাক দেওয়া হয় এবং রাতেই বিক্ষুব্ধ জনতা সেই কর্মসূচি বাস্তবায়ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *