বিদায়ী ২০২৪ সালে বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ এবং পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা

বাংলা একাডেমি ২০২৪ সালে তার সাম্মানিক ফেলোশিপ এবং একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে। এ বছর সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন:

মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ)

  • রিচার্ড এম ইটন (ইতিহাস)
  • অধ্যাপক ডা. সায়েবা আখতার (চিকিৎসা বিজ্ঞান)
  • ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান)
  • সুগত চাকমা (ভাষা গবেষণা)
  • শহিদুল আলম (শিল্পকলা)
  • শম্ভু আচার্য (শিল্পকলা)

বৃহস্পতিবার একাডেমির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব ফেলোশিপ ও পুরস্কার প্রদান করা হবে।

বাংলা একাডেমি পরিচালিত সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সদ্য প্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রাবন্ধিক ও গবেষক ড. ওয়াকিল আহমদ। ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন শিশুসাহিত্যিক আবু সালেহ। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন নাট্যজন নায়লা আজাদ এবং আবু রুশদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস।

এই পুরস্কারগুলোর অর্থমূল্য ১ লাখ টাকা। এছাড়া, সামগ্রিক অবদানের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। এই পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা। অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার, যার অর্থমূল্য ১ লাখ টাকা।

আগামীকাল সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সাধারণ সভার কার্যক্রম শুরু হবে। সভায় বাংলা একাডেমির মহাপরিচালক ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং একাডেমির সচিব ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সম্পর্কে অবহিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *