হ-বাংলা নিউজ: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি বলিউডে তার অভিষেক করেছিলেন শাহরুখ খানের হাত ধরেই। পরবর্তী সিনেমায় সহপ্রযোজক হিসেবে কাজ করেন তিনি। এবার তৃতীয় সিনেমায় তিনি সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, দক্ষিণী পরিচালক অ্যাটলি শাহরুখ খানের সঙ্গে জওয়ান সিনেমা দিয়ে বিশাল সাফল্য অর্জন করেন। এর পর এবার তিনি সালমান খানকে নিয়ে নতুন সিনেমা করার পরিকল্পনা করছেন।
জওয়ান সিনেমাটি বক্স অফিসে প্রায় ১১৪৮.৩২ কোটি টাকা আয় করে, এবং এতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছিলেন নয়নতারা, সঞ্জয় দত্ত, বিজয় সেতুপতি সহ আরও অনেক শিল্পী। এখন, অ্যাটলি নতুন একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করতে চলেছেন।
পিঙ্কভিলার সঙ্গে একটি সাক্ষাৎকারে অ্যাটলি জানান, তার নতুন সিনেমার স্ক্রিপ্ট প্রায় প্রস্তুত। ঈশ্বরের আশীর্বাদে খুব শিগগিরই সিনেমার কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে, তার নতুন সিনেমা এ-সিক্স-এ শুধু সালমান খানই নয়, বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত এবং কমল হাসানকেও দেখা যাবে।
এ-সিক্স সিনেমা নিয়ে পরিচালক বলেন, “এ-সিক্স সিনেমাটি নিয়ে আমি অনেক আশা-আকাঙ্ক্ষা রাখি। তবে সবার কাছে একটাই অনুরোধ— ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন সবকিছু ঠিক থাকে এবং নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে পারি।”
এছাড়া, শুধু অ্যাটলি নয়, নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত আছেন ‘বেবি জন’ সিনেমার অভিনেতা বরুণ ধাওয়ানও। তিনি বলেন, “যখনই এ খবর শুনেছি, আমি ভীষণ উচ্ছ্বসিত। গোটা ব্যাপারটা ভাবলেই আনন্দ হচ্ছে। দারুণ একটা সিনেমা আমরা উপহার পেতে চলেছি।”
প্রসঙ্গত, অ্যাটলি প্রযোজিত সিনেমা ‘বেবি জন’ আগামী ২৫ ডিসেম্বর সারা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। বরুণ ধাওয়ান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, সালমান খান, ওয়ামিকা গাব্বি। থেরি সিনেমার রিমেক মনে হলেও এই সিনেমার গল্প একেবারে ভিন্নভাবে তৈরি করা হয়েছে, জানিয়েছেন পরিচালক।
কিছু দিন আগে, কপিল শর্মা শোয়ে অতিথি হয়ে এসেছিলেন পরিচালক অ্যাটলি। কপিলের সাথে কথোপকথনে তিনি বলেন, “মানুষকে তার রূপ দেখে বিচার করা উচিত নয়। মানুষের মন বড় হওয়া উচিত।” অ্যাটলির এই বক্তব্যে সমর্থন জানিয়ে নেটিজেনরা কপিলকে একহাত নিয়েছিলেন।
