হ-বাংলা নিউজ:
সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের প্রস্তাব পেশ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল এবং সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই এবং নির্বাচন কমিশন কোনো ধরনের বাধা দেবে না, বরং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে নির্বাচনকে উৎসবমুখর করতে কাজ করবে।
তিনি বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে স্থানীয় প্রশাসন ও নির্বাচনি কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন, যা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
