হ-বাংলা নিউজ: আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, ফলে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে। একই সঙ্গে, মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ দেশে রেকর্ড বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি সোমবার ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন।
পোস্টে তিনি জানান, আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি যে ধরনের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল, তেমন বৃষ্টির আশঙ্কা বর্তমানে তৈরি হচ্ছে।
মোস্তফা কামাল পলাশ আরও জানান, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। একই সময়, ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে। পশ্চিমা লঘুচাপ এবং সমুদ্রের ওপরে লঘুচাপের মিলিত প্রভাব আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশে রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টির আশঙ্কা তৈরি করবে।
তিনি বলেন, এই ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে তার বিশ্বাস ৯০% এর বেশি। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে। পরবর্তী স্থানে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলিতে অপেক্ষাকৃত হালকা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আলুচাষিদের জন্য ভারী বৃষ্টি পানি জমে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এসব বিভাগের কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, ২২ ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। এছাড়া, দক্ষিণাঞ্চলের কৃষকদের জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইভাবে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, আগামী ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
