হ-বাংলা নিউজ:
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী লামিমা লাম ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। বিশেষত, অভিনেতা শিমুলের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। এরপর, এই নির্মাতার হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ করতে শুরু করেন লামিমা লাম।
কাজল আরেফিন অমির নাটক ছাড়াও অন্যান্য নির্মাতাদের কাজেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি নির্মাতা রানার ‘এতদিন কোথায় ছিলে’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন লামিমা। তার বিপরীতে অভিনয় করেছেন আলোচিত অভিনেতা সোহেল মণ্ডল।
নির্মাতা রানা জানান, এই টেলিফিল্মের শুটিং ঢাকা ও ঢাকার বাইরে পরিচালিত হয়েছে। শুটিং চলাকালীন বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও সব বাধা অতিক্রম করে কাজটি শেষ করা হয়েছে। তিনি আরও বলেন, এই গল্পটি কোনো দেহ বা যৌন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে নয়, বরং এটি মনের ক্ষুধা, অন্ধবিশ্বাস এবং মিস্ট্রি নিয়ে। এটি প্রেম, ত্যাগ এবং বিশ্বাসের গল্প। দর্শক অচিরেই এটি উপভোগ করবেন, এমন আশা প্রকাশ করেন তিনি।
অভিনেত্রী লামিমা লাম বলেন, “এতদিন কোথায় ছিলে”-এর গল্প ত্যাগ, বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে একটি সম্পর্কের মাধুর্য এবং গভীরতা তুলে ধরবে।
টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন ‘পোড়ামন ২’, ‘লিডার আমি বাংলাদেশ’-এর জনপ্রিয় লেখক দেলোয়ার হোসেন দিল। চিত্রগ্রহণ করেছেন বর্তমানে ব্যস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা।
লামিমা লাম ও সোহেল মণ্ডল ছাড়াও ‘এতদিন কোথায় ছিলে’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন নিয়াজ মোহাম্মদ তারিক, হাসিমুন, আনবি রনি, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, এবং মঞ্চ অভিনেতা আব্দুল আজিম।
