প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর আর নেই

হ-বাংলা নিউজ: বিখ্যাত গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লোক–গবেষক সাইমন জাকারিয়া।

‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার ও সুরকার ছিলেন আবু জাফর। এই গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।

আবু জাফরের রচিত অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’ প্রভৃতি উল্লেখযোগ্য। তার প্রতিটি গানে অসাধারণ সুরের সংযোজন ছিল, যা সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছে।

তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কবি এবং সংগীতশিল্পী। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করেছেন। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খোন্দকার মো. জমির উদ্দিন। তিনি রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল। এর মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ অন্যতম।

এছাড়া আবু জাফর বেশ কিছু বইও লিখেছেন। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘রাত্রি পুরোনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য)।

শুধু লেখক ও সুরকার হিসেবে নয়, তিনি নিজেও প্রায় সব গানে কণ্ঠ দিয়েছেন। কিছু গানে তার সাবেক স্ত্রী ফরিদা পারভীন তার সঙ্গে যুগল গানে কণ্ঠ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *