হ-বাংলা নিউজ: আওয়ামী লীগের শাসনামলে শিল্প কারখানায় গ্যাস সংযোগ পেতে ২০ কোটি টাকা ঘুস দিতে হয়েছে, এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তিনি জানান, শিল্প কারখানায় গ্যাস পেতে নিজস্ব খরচে ৪০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে হয়েছে এবং এই পাইপলাইন নির্মাণে রোড কাটিং বাবদ ২০ কোটি টাকা ঘুস দেওয়া হয়েছে। এমনকি ঘুস দেওয়ার জন্যও তাকে আরও টাকা খরচ করতে হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।
সেখ বশির উদ্দিন আরও বলেন, গ্যাস সংযোগের জন্য জ্বালানি প্রতিমন্ত্রীর বাসার সামনে তাকে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং সেই সময় তিনি অনেক লেকচারও শুনেছেন। “এমনকি মিনিমাম সম্মানও পাইনি, তবুও ‘জ্বি স্যার, জ্বি স্যার’ বলতে হয়েছে,”—এমন অভিজ্ঞতার কথা তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বলেন, “কিছু কিছু মানুষের সিটিস্ক্যান করে তাদের ব্রেন দেখার ইচ্ছা হচ্ছে আমার। মানুষ কীভাবে এত অপরাধী হতে পারে?”
তিনি আরো জানান, তিনি এক মিটিংয়ে জ্বালানি উপদেষ্টাকে বলতে শুনেছেন, “জ্বালানি খাত দুর্নীতির অন্যতম স্তম্ভ, সেখান থেকে আমাদের বের হতে হবে।”
অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভোলার গ্যাসক্ষেত্রে আবিষ্কৃত গ্যাস সিএনজি বা এলএনজি ফরম্যাটে আনার জন্য আগামী ডিসেম্বরে দরপত্র আহ্বান করা হবে।
ফাওজুল কবির জানান, “ভোলায় ৭০ এমএমসিএফ গ্যাস পাওয়া গেলেও পাইপলাইন না থাকায় সেই গ্যাস ঢাকায় বা শিল্প এলাকাতে আনা যাচ্ছে না। তবে আমরা ডিসেম্বরেই ওপেন টেন্ডার দিচ্ছি। আগ্রহী ব্যবসায়ীরা দরপত্রে অংশগ্রহণের মাধ্যমে এলএনজি বা সিএনজি ফরম্যাটে এই গ্যাস ঢাকায় আনার সুযোগ পাবেন।” তিনি আরও বলেন, “ভোলার গ্যাস ঢাকায় আনা গেলে শিল্পে গ্যাসের সংকট কিছুটা হলেও কমবে।”
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে ভোলা থেকে গ্যাস আনার টেন্ডার আহ্বান করা হবে। এছাড়া ৯ ডিসেম্বর অফশোর বিডিং টেন্ডার ওপেন করা হবে। আগামী বছরের শুরুতেই বিশ্বের নাম করা জ্বালানি কোম্পানির সঙ্গে অফশোর গ্যাস নিয়ে চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে বলে আশা করছি।” তিনি আরও জানান, “পাবর্ত্য এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস পাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এসব এলাকার গ্যাস অনুসন্ধানে অনশোর বিডিং ওপেন করার প্রস্তুতি চলছে, আশা করছি আগামী মার্চের মধ্যে এটি করা সম্ভব হবে।”
