সাদপন্থিদের হুঁশিয়ারি: তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা মাওলানা সাদ ছাড়া হবে না

হ-বাংলা নিউজ:  তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদকে ছাড়া এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। তারা সাদকে ইজতেমায় আসার অনুমতি দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়েছেন। এই অবস্থানের কারণে ওই সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাদপন্থিরা জানিয়েছেন, তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে সড়ক থেকে সরে গেছেন। মঙ্গলবার সকালে, সাদকে ইজতেমায় আসার অনুমতি দেওয়ার দাবিতে তারা প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়কে অবস্থান নেন।

এর আগে, ১৫ নভেম্বর, লাখো মুসল্লি কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন। ওই দিন সকালে সাদপন্থিরা কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে এবং সেখানে অবস্থান নেন।

এদিকে, আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ও আয়োজনকারী পক্ষ চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্বটি ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরায়ি নেজামের অধীনে হবে, এবং দ্বিতীয় পর্বটি ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থিদের অধীনে অনুষ্ঠিত হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজতেমা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারের বিশ্ব ইজতেমার আয়োজন আরও সুন্দর এবং মহিমান্বিত করতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের আয়োজন করবে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম (মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা), এবং দ্বিতীয় পর্বটি ৭ থেকে ৯ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করবেন।

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষ করার পর ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে ইজতেমার মাঠ বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটির কাছে হস্তান্তর করবেন। দ্বিতীয় পর্বের আয়োজকরা ৪ ফেব্রুয়ারি বিকেলে কমিটির কাছ থেকে মাঠ গ্রহণ করবেন এবং ১১ ফেব্রুয়ারি দুপুরে মাঠ হস্তান্তর করবেন।

বিজ্ঞপ্তিতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটিরও তথ্য দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *