হ-বাংলা নিউজ:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী জানুয়ারিতে ঢাকার ১০টি রাস্তা হর্নমুক্ত ঘোষণা করা হবে। দেশের হর্নমুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে।
তিনি বলেন, হর্নমুক্ত দেশ গঠনে সবারই নিজের গাড়ি নিয়ন্ত্রিতভাবে চালানো এবং হর্নের ব্যবহার কমানো উচিত। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের সঠিক তথ্য ও জ্ঞানের ভিত্তিতে জনমত গঠনে ভূমিকা অপরিসীম।
সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান উল্লেখ করেন, বর্তমান তরুণরাই আগামী বাংলাদেশের ভিত্তি তৈরি করবে। পরিবেশবান্ধব দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। তরুণদের সঠিক তথ্যের ভিত্তিতে চিন্তা-ভাবনা করে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে এবং সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। বিতর্কের মাধ্যমে তাদের বক্তৃতা দক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, সদস্য নাসির উদ্দিন চৌধুরী এবং প্রো-ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বক্তব্য রাখেন।
এ বছর শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয় এবং ৩২টি কলেজের দল অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ১ম রানার আপ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ২য় রানার আপ হয়েছে।
কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ১ম রানার আপ নৌবাহিনী কলেজ এবং ২য় রানার আপ মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ।
অনুষ্ঠানে রিজওয়ানা হাসানকে জুলাই বিপ্লবের স্মৃতি চিত্রিত একটি শাড়ি উপহার দেওয়া হয়। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
