নারী সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

হ-বাংলা নিউজ: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নারী ফুটবলারদের অভাব-অভিযোগ শুনেছেন এবং তাদের সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

সাক্ষাৎ শেষে বাফুফে ভবনে ফিরে অধিনায়ক সাবিনা খাতুন ও ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা প্রধান উপদেষ্টার সামনে কোন বিষয়গুলো তুলে ধরেছেন, সেটি জানান সাবিনা।

তিনি বলেন, “আমাদের পরিবারের অনেক সদস্য ঢাকায় আসেন, কিন্তু তাদের থাকার জায়গা নেই। তাই প্রধান উপদেষ্টাকে আমরা আবাসনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছি।”

ফুটবলাররা দেশের বিভিন্ন অঞ্চলের বাড়িঘর, এলাকার সড়ক ও বিদ্যুৎ সমস্যার কথাও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

এছাড়া সাবিনা উল্লেখ করেন, ফুটবল সংশ্লিষ্ট বিষয়গুলোও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ, বাফুফে ভবনের পাশে থাকা টার্ফ ও কমলাপুর স্টেডিয়ামের টার্ফ এখন প্রায় অকেজো হয়ে গেছে, ফলে নারীদের খুব ভোরে মতিঝিল থেকে বসুন্ধরায় যেতে হয়। এসব সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান ফুটবলাররা।

প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের অভিযোগগুলো মনোযোগ সহকারে শোনেন এবং লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশনা দেন। সাবিনা বলেন, “তিনি আমাদের প্রতিটি বিষয় শুনেছেন এবং সবগুলো লিখিত আকারে দিতে বলেছেন। সমাধানের আশ্বাসও দিয়েছেন। আমরা ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে এই চিঠি দেব।”

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালে স্বাগতিকদের ২-১ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরার খেতাব অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *