হ-বাংলা নিউজ: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ১ অক্টোবর শতবর্ষে পা দিয়েছেন, যিনি প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন। তার ১০০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
জিমি কার্টারের শারীরিক অবস্থা বর্তমানে খারাপের দিকে, তবে তিনি এখনও বিশ্বের রাজনৈতিক খবরাখবর জানতে আগ্রহী। গত ১৯ মাস ধরে হাসপাতালে থাকার পরও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, তিনি তার শুভাকাঙ্ক্ষীদের চিনতে পারছেন।
১ অক্টোবর, মঙ্গলবার, জিমি কার্টারের শততম জন্মদিন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিওতে বাইডেন কার্টারকে মার্কিন ইতিহাসের প্রিয় বন্ধু এবং প্রভাবশালী রাষ্ট্রনায়কদের অন্যতম হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “মানুষের কল্যাণে আপনার প্রদর্শিত পথ আমাদের সবার জন্য একটি পথপ্রদর্শক।”
মঙ্গলবার হোয়াইট হাউস সাজানো হয়, যেখানে লেখা ছিল—‘শুভ জন্মদিন প্রেসিডেন্ট কার্টার’।
এর আগে জর্জিয়ার আটলান্টায় কার্টার সেন্টারে অনুষ্ঠিত এক সভায় জিমি কার্টারের নাতি জ্যাসন কার্টার জানান, তার দাদা হাসপাতালে যাওয়ার পরেও আগের মতোই আছেন। তিনি বলেন, “হাসপাতালে যাওয়ার পর আমরা ভেবেছিলাম হয়ত তিনি আর কিছুদিন বা কিছু সপ্তাহ বাঁচবেন। তবে আনন্দের বিষয় হল, তিনি এখনও এই পৃথিবীটি উপভোগ করছেন।”
কার্টারের শততম জন্মদিন উপলক্ষে আটলান্টায় একটি কনসার্টের আয়োজন করা হয়, যেখানে যুক্তরাষ্ট্রের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
জ্যাসন আরও জানান, তার দাদা কেবল রাজনীতি নিয়ে খবরই রাখেন না, তিনি আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার আশা প্রকাশ করেছেন। জিমি কার্টার জানিয়েছেন, তিনি কমলা হ্যারিসকে ভোট দেবেন। এছাড়া, তিনি এখনো তার প্রিয় খাবার পিনাট বাটার আইসক্রিম উপভোগ করছেন। কার্টার সেন্টার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের আহ্বান জানিয়েছে।
জিমি কার্টার ১৯২৪ সালের ১ অক্টোবর জর্জিয়ার প্লেইনসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালের ২০ জানুয়ারি থেকে ১৯৮১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং নোবেল শান্তি পুরস্কারও পেয়েছেন। তার স্ত্রী রোজালিন কার্টার গত বছর মারা যান।
