হ-বাংলা নিউজ: কানপুরে বাংলাদেশ-ভারত টেস্টের প্রথম দিন বৃষ্টির কবলে পড়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পর টস অনুষ্ঠিত হয়। লাঞ্চ বিরতি পর্যন্ত খেলা ভালোভাবে চললেও বিরতির পর বাংলাদেশ ব্যাটিংয়ের সুযোগ খুব কম পায়। বৃষ্টি ও আলোক স্বল্পতায় খেলা থামিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সমস্যার সমাধান না হলে দিনের খেলা শেষ হয়ে যায়।
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল ৪০ রানে এবং মুশফিক ৬ রানে ব্যাট করছেন। এ দুজন দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন। প্রথম দিনে মোট ৩৫ ওভার খেলা হয়েছে।
লাঞ্চের আগে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক জুটি শুরুতে কিছুটা ধাক্কা সামলে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে লাঞ্চ বিরতির পর শান্তকে ফিরে যেতে হয়। যদিও মুমিনুল হক এখনও বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছেন। তিনি অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে মিলে দলীয় শত রান পার করেছেন। কিন্তু এরপর আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়।
এদিন বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন নিয়ে টসে হেরে ব্যাটিং শুরু করে। জাকির হাসান ও সাদমান ইসলাম সতর্কভাবে খেলছিলেন। তবে হঠাৎ করেই দলীয় ২৬ রানে জাকির শূন্য রানে ফিরে যান। ২৪ বল খেলার পর তিনি আকাশ দীপের ক্যাচে আউট হন। এরপর সাদমানও আউট হন লেগ বিফোরের ফাঁদে। আম্পায়ার আউট না দিলেও অধিনায়ক রোহিতের রাজি করিয়ে রিভিউ নেন আকাশ দীপ, ফলে সাদমানকে ফিরতে হয় ২৪ রানে।
এরপর নাজমুল শান্ত ও মুমিনুল হক রিভিউয়ের হাত থেকে বেঁচে যান। তবে লাঞ্চের পর অশ্বিনের ঘূর্ণিতে শান্ত ৩১ রানে ফিরতে বাধ্য হন।
