আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে দুই দিনব্যাপী ‘শ্রী শ্রী রাম ঠাকুর তিরোভাব উৎসব’ এর আয়োজন করা হয়েছে।
আগামী ১৯ ও ২০ এপ্রিল রবিবার ও সোমবার আটলান্টিক সিটির ১০৯ উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত শ্রীশ্রী গীতা সংঘের প্রার্থনা হলে এ উৎসব অনুষ্ঠিত হবে। আটলান্টিক সিটিতে ষষ্ঠবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে।
তিরোভাব উৎসব উপলক্ষে আগামী ১৯,এপ্রিল,রবিবার অধিবাস কীর্তন এবং ২০,এপ্রিল, সোমবার চতুষ্প্রহর নামযজ্ঞ ও সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়েছে।
শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ জীবনে কুসংস্কার, ব্রিটিশ রাজশক্তির সৃষ্টি করা ভেদ নীতি ও দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনায় মানুষকে বলীয়ান করাই নয়, সমাজ সংস্কারের এক সার্থক রূপকার ছিলেন রাম ঠাকুর।
তাঁর কাছে জাতি, ধর্ম, বর্ণ, শুচি, অশুচির কোনও ভেদ ছিল না। সব ঘটনাই তিনি নিরপেক্ষ দৃষ্টিতে ব্যাখ্যা করে ভক্তদের বোঝাতেন। প্রকৃত অর্থেই তিনি ছিলেন সমভাব নিরপেক্ষ শক্তির আধার। মন্দির, মসজিদ, গির্জায় নয়, শ্রীশ্রী ঠাকুর অবস্থান করেছেন ভক্তের প্রয়োজনে, ভক্তের আলয়ে। লোকালয়ে থাকার সময় তিনি মানব মুক্তির দিশা বিতরণ করেছেন।
শ্রী শ্রী রামঠাকুর তিরোভাব উৎসবের আয়োজকরা এই উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছেন।
আটলান্টিক সিটিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিতব্য শ্রী শ্রী রামঠাকুর তিরোভাব উৎসবের আয়োজন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাজ সাজ রব পড়েছে ।
