বাসন্তী পুজোর রঙে রংগীন এবসিকন সিটি

সুব্রত চৌধুরী-

নিউ জার্সি স্টেটের এবসিকন শহরে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দিরে উদযাপিত হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পুজো। 

২৪ মার্চ,মংগলবার  শুরু হয়ে ২৮ মার্চ,শনিবার শেষ হয় এই পুজো । তিথি অনুসারে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদিত হয়।

পুরাণ অনুযায়ী, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজ্য-হারানো রাজা সুরথ, বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন। যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। 

 শাস্ত্র অনুযায়ী এবছর দেবী দুর্গার আগমন নৌকায় এবং গমন ঘোড়ায় ।নৌকায় আগমনের ফল হলো শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি এবং ঘোড়ায় গমনের ফল হলো ছত্রভঙ্গ, অর্থাৎ এর ফলে অশান্তি বা অরাজকতার আশঙ্কা থাকে।

 বাসন্তী পুজোর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি, ধর্মসভা, সংগীত অনুষ্ঠান, সিঁদুর খেলা ও অন্নপ্রসাদ আস্বাদন । 

সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রদীপ দে, রেশমী বসাক, জয়গোপাল রায়,স্মৃতি দে প্রমুখ।

এবসিকন শহরের প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে ছিলেন শ্রী শ্রী বাসন্তী পুজোর হরেক আয়োজনে। বাসন্তী পুজোর রঙে রঙিন হয়ে উঠেছিল এবসিকন শহর । সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনে- প্রাণে ও ঘরে ঘরে উৎসাহ- উদ্দীপনা, আনন্দ- উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো । পুজোর ক’টা দিন ঢাক-ঢোল, কাঁসর আর উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ।

রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষে লিটন ধর ও সুনীল দাশ হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *