খায়রুজ্জামান মামুনঃ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে গতকাল লস এঞ্জেলেস কনস্যুলেট অফিসে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা।

অত্যন্ত ভাব গম্ভীর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লস এঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেটের মাননীয় কনসাল জেনারেল জনাব কাজী মোঃ জাবেদ ইকবাল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, কমিউনিটির বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা এতে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

কনস্যুলেট অফিসের কর্মকর্তা আরিফা আফরিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক জনাব এম ওয়াহিদ রহমান,

জনাব আব্দুল বাছিত, জনাব সৈয়দ নাছির উদ্দিন জেবুল, মাহাবুবুর রহমান শাহীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, খায়রুল আলম চৌধুরী, জন মোহন, মহিউদ্দিন বাবর সহ আরো অনেকেই।

বক্তারা তাদের আলোচনায় বাংলাদেশে বিদ্যমান বর্তমান গনতান্ত্রিক সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমোজ্বল রেখে আগামী দিনে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

কনসাল জেনারেল জনাব কাজী মোঃ জাবেদ ইকবাল তার সমাপনী বক্তব্যে বলেন, লস এঞ্জেলস কনস্যুলেট অফিস প্রবাসী বাংলাদেশিদের সেবায় কাজ করার নিমিত্তে দৃঢ় সংকল্পবদ্ধ।

কস্যুলেট অফিসের সেবার মানোন্নয়নে করনীয় এবং নাগরিক সেবা সম্পর্কিত যে কোন পরামর্শ লস এঞ্জেলসে বসবাসরত যেকোনো প্রবাসী বাংলাদেশী নাগরিক এগিয়ে আসলে কনস্যুলেট অফিস তা স্বাগত জানাবে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে তাদের আমন্ত্রণে সাড়া দেয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
