হ-বাংলা নিউজ:
নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে ৪ ফেব্রুয়ারি, ২০২৬ বুধবার আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দীর্ঘদিন ধরে চলমান তীব্র শীতের মধ্যে বাসিন্দাদের উষ্ণ রাখতে নগর কর্তৃপক্ষের এই উদ্যোগ ।আটলান্টিক সিটির সিটি হলে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনশত জনের বেশি বাসিন্দা অংশ নেন।
মেয়র মার্টি স্মল সিনিয়রের উদ্যোগে অনুষ্ঠিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুরুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন সাইজের শীতের কোট বিতরণ করা হয়। চলমান ঠান্ডায় এটি বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দেয়।
এই আয়োজন সম্পর্কে মেয়র স্মল বলেন, তাপমাত্রা যখন কমে যায়, তখন একে অপরের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। এই শীতের কোট বিতরণ কর্মসূচি আমাদের বাসিন্দাদের যত্ন নেওয়া, প্রতিবেশীদের পাশে দাঁড়ানো এবং কাউকে যেন এই হাড়-কাঁপানো শীতে প্রয়োজনীয় উষ্ণতা ছাড়া থাকতে না হয়—সেটি নিশ্চিত করার উদ্যোগ।”
বুধবারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সিটি প্রশাসনের একাধিক দপ্তরের কর্মী ও স্বেচ্ছাসেবীরা সহায়তা করেন। এর মধ্যে ছিল মেয়রের কার্যালয়, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, রিএন্ট্রি সার্ভিসেস ডিভিশন, অ্যান্টি-ভায়োলেন্স ডিভিশন, কমিউনিটি এনগেজমেন্ট ডিভিশন এবং মেয়রের বিশেষ অনুষ্ঠান দপ্তর।
শহর কর্মকর্তারা জানান, এই উদ্যোগ তীব্র ঠাণ্ডা আবহাওয়ার সময় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রয়োজন পূরণে বর্তমান প্রশাসনের অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।
