জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপনে খসড়া অনুমোদন, নির্যাতনবিরোধী প্রোটোকলেও সম্মতি বাংলাদেশের

হ-বাংলা নিউজ: 

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনের লক্ষ্যে প্রস্তুত করা সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।

এছাড়া, জাতিসংঘের “নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন”-এর অধীন থাকা ঐচ্ছিক প্রটোকল (OP-CAT)-এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও বৈঠকে অনুমোদন পেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঐচ্ছিক প্রটোকলটি ২০০২ সালে জাতিসংঘে গৃহীত হয়, যার উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী নির্যাতন ও অমানবিক আচরণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে আরও শক্তিশালী করা।

বাংলাদেশ ১৯৯৮ সালে এই নির্যাতনবিরোধী মূল কনভেনশনে অন্তর্ভুক্ত হয়। এবার প্রটোকলের অংশ হওয়ার মাধ্যমে দেশটি মানবাধিকার সংরক্ষণে আন্তর্জাতিক দায়বদ্ধতা আরও গভীর করলো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *