হ-বাংলা নিউজ: আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছে, তবে এটি অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকেই সরবরাহ পরিস্থিতি উন্নতি করবে।”
তিনি আরও বলেন, “যেমন সয়াবিন তেলের দাম বেশি, তেমনি পামওয়েলও সরকারের নির্ধারিত দামের থেকে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পামওয়েল। ফলে বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে। আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে।”
অন্য এক প্রশ্নের জবাবে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “পণ্যের মান নিয়ন্ত্রণ এবং খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আজ চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।”
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ও বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।
