হ-বাংলা নিউজ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি ‘সেন্ট্রাল কম্যান্ড সেন্টার’ আজ সন্ধ্যা থেকেই কাজ শুরু করবে।
রোববার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকল বাহিনীর সমন্বয়ে একটি সেন্ট্রাল কম্যান্ড সেন্টার প্রতিষ্ঠিত হবে, যা আজ সন্ধ্যা থেকে কার্যক্রম শুরু করবে। এর মাধ্যমে আইনশৃঙ্খলার দ্রুত উন্নতি হবে, এমনটাই আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম কমছে এবং এর প্রভাব বাংলাদেশেও পড়বে। তাই খাদ্যশস্যের দাম কমবে, এমন প্রত্যাশা রয়েছে।
শফিকুল আলম বলেন, গত পাঁচ মাসে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং অর্থনীতিতে ১০ শতাংশের মতো উন্নতি হয়েছে। তিনি আশা করেন, আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে আসবে এবং রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না।
প্রেস সচিব আরও জানান, বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা সমাধান করা হয়েছে এবং কোরিয়ান কর্তৃপক্ষের হাতে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। এর ফলে কোরিয়ান বিনিয়োগ বাংলাদেশে আসবে। তিনি বলেন, পূর্বে পতিত সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার চেষ্টা করেছিল, যার কারণে কোরিয়াল বিনিয়োগ ভিয়েতনামে চলে গিয়েছিল। এখন এই সংকট সমাধান হয়েছে।
